
আগামী প্রজন্মকে রক্ষা করতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ফটিকছড়িতে প্রতিটি গ্রামে ধারাবাহিক সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
মাদকাসক্ত বাবাকে স্বাভাবিক জীবনে ফেরাতে সন্তানদের সাহসী ভূমিকা পালনের পাশাপাশি মায়েদের সচেতন হওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, সন্তানের সচেতনতা ও অনুপ্রেরণায় মাদকাসক্ত ব্যক্তিরাও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানান, বাবা মাদক সেবন করে বাড়ি ফিরলে সন্তানের উচিত তাকে প্রশ্ন করা এবং জবাবদিহির আওতায় আনা।
একই সঙ্গে বাবা-মাকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাগরিবের পর সন্তানরা যেন অপ্রয়োজনে ঘরের বাইরে না থাকে, সেদিকে নজর রাখতে হবে।
সন্তান কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়েও অভিভাবকদের খোঁজ রাখার পরামর্শ দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
একটি পরিবারকে সঠিকভাবে পরিচালনায় শিক্ষিত ও সচেতন মায়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সচেতন মায়ের সন্তানই উচ্চশিক্ষিত হয়ে বিসিএস ক্যাডারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে পারে।
চট্টগ্রাম-২ নির্বাচনী এলাকার ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিতে গলিতে এই সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চলবে বলে জানান তিনি।
এর আগে উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে মাদকবিরোধী র্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালিটি বিবিরহাট বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।