সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ব্যাংক ঋণের সিএনজি অটোরিকশা চুরি, পটিয়ায় দিশেহারা চালক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০২৬ | ৭:৪১ অপরাহ্ন


ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা অটোরিকশা এবং শিকলে চারটি তালা দিয়ে সুরক্ষিত রাখা গাড়ি- কোনোটিই রক্ষা পায়নি সংঘবদ্ধ চোরচক্রের হাত থেকে।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একই রাতে মাত্র ১০০ গজের ব্যবধানে এমন অভিনব কায়দায় দুটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম গ্রামীণ ব্যাংক সড়ক এলাকার দুটি বাড়ি থেকে গাড়ি দুটি চুরি হয়।

চুরি যাওয়া সিএনজি অটোরিকশা দুটির চালক হলেন মো. কাইছার ও মো. ফরিদ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ওই দুই চালক তাদের অটোরিকশা রেখে ঘুমিয়ে পড়েন। তাদের বাড়ি দুটির দূরত্ব প্রায় ১০০ গজ।

শুক্রবার ভোরে ওই এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তাদের ধারণা, সংঘবদ্ধ কোনো চক্রই অটোরিকশা দুটি চুরি করেছে।

ভুক্তভোগী চালক মো. কাইছার জানান, শুক্রবার সকালে গাড়িতে গ্যাস নেওয়ার কথা থাকায় বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে অটোরিকশাটি রেখে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

প্রায় এক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি অটোরিকশাটি কিনেছিলেন। আয়ের একমাত্র উৎস চুরি হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

আরেক চালক মো. ফরিদ জানান, তিনি বাড়ির উঠানে অটোরিকশাটি রেখে ঘুমিয়ে যান। নিরাপত্তার জন্য তিনি গাড়িতে শিকল দিয়ে চারটি তালা লাগিয়েছিলেন।

কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, চোরেরা তালাগুলো কেটে তার গাড়িটি নিয়ে গেছে।

খবর পেয়ে শুক্রবার সকালে পটিয়া থানার একটি পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ জানান, চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত মো. কাইছার বা মো. ফরিদ কেউই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানান পুলিশ কর্মকর্তা শফিক উল্লাহ।