সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ অগাস্ট ২০২৬ | ৬:৪৪ পূর্বাহ্ন


নতুন মোটরসাইকেল কিনে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার পথে দ্রুতগতির লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯)।

নিহত তালাত মাহমুদ শুভ মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।

অন্যদিকে, আব্দুল্লাহ আল ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে দুই বন্ধু একসঙ্গে বাড়ি ফিরছিলেন।

বড়তাকিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে তাদের নতুন মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তালাত মাহমুদ শুভর মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল্লাহ আল ওমর।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ এবং ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, এই দুই বন্ধু পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করতেন।

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথেই যে এমন নির্মম মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছিল, তা মানতে পারছেন না স্বজনেরা।

দুর্ঘটনার বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তালাত মাহমুদ শুভ নামের একজনের নিহতের খবর তিনি পেয়েছেন।

অপরজনের বিষয়ে তাৎক্ষণিক সঠিক তথ্য পাওয়া না গেলেও উভয় এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর এই ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেন ওসি ফরিদা ইয়াসমিন।