
গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার এবং গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকায় আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনামুল হক এনাম জানান, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ নিয়েও নিষিদ্ধ সংগঠনের কেউ কেউ গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে।
এই সংসদ সদস্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব অপপ্রচারকারীদের সঙ্গে যেন কেউ কোনো ধরনের সম্পর্ক না রাখে। যারা উসকানি ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
কৃষি বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড দিচ্ছেন।
যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গায় এবং অনাবাদি জমিতে শাকসবজি চাষ করতে পারেন বলে তিনি পরামর্শ দেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন এনামুল হক এনাম।
মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের উদ্যোগে এলাকার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষকদের মাঝে এমন উদ্যোগ গ্রহণ করায় এস এম হারুন উর রশিদকে সাধুবাদ জানান সংসদ সদস্য এনামুল হক এনাম।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে টমেটো, মুলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার দেওয়া হয়েছে। জনপ্রতি মোট ১ হাজার ৯২০ টাকা মূল্যের বীজ ও সার বিতরণ করা হয়।
মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান এবং মো. ইসমাইল।
একই সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।