সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পরিবারের একমাত্র ভরসা শ্রবণপ্রতিবন্ধী যুবকের প্রাণ কাড়ল ট্রেন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ অগাস্ট ২০২৬ | ৫:৪৩ অপরাহ্ন


শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজের পরিশ্রমে পরিবারের হাল ধরেছিলেন মো. শাহাব উদ্দিন। কারও কাছে হাত না পেতে স্বজনদের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠা এই শ্রবণ ও বাকপ্রতিবন্ধী যুবকের প্রাণ কেড়ে নিল দ্রুতগামী ট্রেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

৩৫ বছর বয়সী নিহত মো. শাহাব উদ্দিন ওই এলাকার আব্দুস সোবহানের ছেলে।

স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেন জানান, নিহত মো. শাহাব উদ্দিন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী হলেও নিজের পরিশ্রমে উপার্জন করে পরিবারের দায়িত্ব পালন করতেন।

শনিবার দুপুরে তিনি রেললাইনের দিকে গিয়েছিলেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় পৌঁছালে তাকে সজোরে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনেরা তার মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, রেললাইনের পাশে ট্রেনের ধাক্কায় এক প্রতিবন্ধী যুবকের নিহত হওয়ার খবর তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন এবং ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, তিনি সাংবাদিকদের মাধ্যমেই প্রথম দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন।

দুপুরে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে গেছে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়টি ইতিমধ্যে কক্সবাজার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।