সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিরোধিতার মাঝেই হেফাজত আমিরের দুয়ারে ধর্ম প্রতিমন্ত্রী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ অগাস্ট ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ন


হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি ইসলামী সংগঠনের আপত্তিকে কোনো চাপ হিসেবে না দেখে বরং গঠনমূলক পরামর্শ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামেয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন জানান, আলেমদের এসব আপত্তি ও পরামর্শকে তারা গঠনমূলকভাবেই দেখছেন।

হেফাজতে ইসলামের সঙ্গে দূরত্বের বিষয়ে জানতে চাইলে শামীম কায়সার লিংকন সাংবাদিকদের জানান, তিনি এটিকে দূরত্ব মনে করেন না এবং যোগাযোগ বাড়লে এই ব্যবধান কমে আসবে।

দেশের ওলামা ও পীর-মাশায়েখদের সঙ্গে কথা বলা, তাদের পরামর্শ নেওয়া এবং চিন্তাভাবনার প্রতিফলন ঘটানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বলেও উল্লেখ করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

শামীম কায়সার লিংকন আরও জানান, জনআকাঙ্ক্ষার প্রতিফলন বা রাজনৈতিক চাপকে গঠনমূলক পরামর্শ হিসেবে দেখে এগিয়ে যাওয়া জরুরি, যাতে সরকারের কোনো ভুলত্রুটি না হয়।

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী জানান, ধর্ম প্রতিমন্ত্রী মাদ্রাসায় এসে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তার দোয়া নিয়েছেন।

মুফতি আইয়ুব বাবুনগরী আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে মন্ত্রণালয় পরিচালনা করতে চান এবং তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এর আগে গত শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী ওই বিবৃতিতে এই দাবি জানিয়েছিলেন।