
দীর্ঘদিনের অন্ধকার ঘুচিয়ে পথচারী ও যানবাহন চালকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরুলিয়া এলাকায় নতুন সড়ক বাতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে লাইট জ্বালিয়ে এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সড়ক বাতি স্থাপনের মূল উদ্যোক্তা এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতের অন্ধকারে পথচারী ও যানবাহন চালকদের নানা ভোগান্তি পোহাতে হতো।
নতুন এই সড়ক বাতি স্থাপনের ফলে রাতের বেলায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি সার্বিক নিরাপত্তাও সুনিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
এই সমাজসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ আলী সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সেকান্দর হোসাইন।
এ সময় উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, প্রবীণ শিক্ষক বেদার মাস্টার, মমতাজ, ইসহাক মিয়া, রহমত আলী এবং জসিম উপস্থিত ছিলেন।
পাশাপাশি ইয়াছিন উদ্দিন মাসুদ, শাহ নেওয়াজ, আবু শওদাগর এবং ইয়াকুব উদ্দিন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এই আয়োজনে অংশ নেন।