সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘রোজা রেখে মিলাদুন্নবী পালন করলে বিরোধিতার সুযোগ থাকে না’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০২৬ | ১১:৪১ পূর্বাহ্ন


মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুকরণে রোজা রেখে পবিত্র মিলাদুন্নবী পালন করলে এ নিয়ে বিরোধিতার কোনো অবকাশ থাকে না বলে জানিয়েছেন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী।

তিনি ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন। দরবার শরীফটিতে আয়োজিত চার দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনারের প্রতিদিনের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

গত ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট (১১ থেকে ১৪ রবিউল আউয়াল) পর্যন্ত এই সেমিনারের আয়োজন করে আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্ট।

চার দিনব্যাপী এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ।

সেমিনারের আলোচনায় অন্যান্য বক্তারা জানান, মিলাদুন্নবী (সা.) পালনের বিষয়ে যত বেশি বাধা সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে এই আয়োজনের প্রতি ততই আগ্রহ বাড়ছে।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীর ছাদেকুর রহমান হাশেমী, ড. কামাল উদ্দীন আযহারী, ড. হাফেজ নুর হোসাইন এবং ড. নুরুন্নাবী আযহারী।

এছাড়া মাওলানা মুহাম্মদ শাহ আবু তাহমিদ আযহারী, আল্লামা হাসান রেজা, হাসান মুহাম্মদ কফিলুদ্দীন, মাওলানা আবু ছালেহ এবং পীরজাদা সাইয়্যেদ তকিউদ্দিন আহমদ সেখানে বক্তব্য রাখেন।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন মোজাম্মেল হক আযহারী, জাহেদুল ইসলাম আযহারী, সরওয়ার আলম রেজভী, শাহাদাত হোসাইন কাদেরী এবং মিশকাতুল ইসলাম কাদেরীসহ অন্যান্য আলেমরা।

সেমিনারের বিভিন্ন অধিবেশনে মহানবীর (সা.) জীবন, আদর্শ ও শিক্ষা এবং মিলাদুন্নাবী (সা.)-এর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চার দিনের এই আয়োজনে ধর্মীয় আলোচনা ছাড়াও নাতে রাসূল (সা.) ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দরবার শরীফের আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সমাপনী দিনে উপস্থিত আশেকান, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত এবং উন্মুক্ত নেয়াজ বিতরণের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।