সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ন


স্ত্রীর সঙ্গে চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ।

শনিবার (২৯ আগস্ট) বিকেল তিনটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম নুরুচ্ছাফা নুরু। ৬১ বছর বয়সী এই বৃদ্ধ লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিল্যা পাড়ার মৃত আলী আকবরের ছেলে।

নিহতের ছোট ভাই মোহাম্মদ ফারুক জানান, তার বড় ভাই নুরুচ্ছাফা নুরু ও ভাবি চিকিৎসার জন্য কেরানীহাট এলাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন।

পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নুরুচ্ছাফা নুরুকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক নুরুচ্ছাফা নুরুকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী জানান, কেরানীহাট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।