সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চুয়েটের বিশ্ববিদ্যালয় দিবস ঘিরে দুই দিনের আয়োজন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ন


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হতে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত থাকবেন এবং এতে সভাপতিত্ব করবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

রোববার (৩০ আগস্ট) দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন মিডিয়া কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব।

এ সময় মিডিয়া কমিটির সদস্যদের মধ্যে উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও শাখা থেকে ব্যানারসহ আনন্দ র‌্যালি বের করা হবে। এরপর জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

একই দিন চুয়েটের গোল চত্বরে চট্টগ্রাম ওয়াসা প্রদত্ত পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর সেখানে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পাশাপাশি জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে চুয়েটকে উপহার দেওয়া ছয়টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাসগুলোর চাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন। এছাড়া চুয়েটের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এর আগে প্রথম দিন ৩১ আগস্ট ক্লাব ফেস্ট ও জ্বালানি বিষয়ক একটি বিশেষ লেকচারের আয়োজন করা হয়েছে।

এই লেকচারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

এতে রিসোর্স পারসন হিসেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের (ইউটিপি) পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার উপস্থিত থাকবেন।

আয়োজকরা আশা করছেন, এই লেকচারে জ্বালানি খাত সংশ্লিষ্ট প্রায় ২৫০ জন শিক্ষক, গবেষক, প্রফেশনাল ও উদ্যোক্তা অংশগ্রহণ করবেন।