সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ লুট

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০২৬ | ৪:৪০ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। এবার পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকার আলী মিয়ার বাপের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। বাড়িটি প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলামের।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ নুরুল ইসলামের বাবা মোহাম্মদ সিরাজ পেশায় একজন কৃষক। রোববার রাতে তিনি বাড়ির পাশে ফসল পাহারা দিতে ঘর থেকে বের হন।

এ সময় আগে থেকে ওত পেতে থাকা ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।

ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে।

এরপর ডাকাত দলের সদস্যরা নুরুল ইসলামের মা রাজিয়া বেগমের গলায় ছুরি ধরে জিম্মি করে এবং তাকে দিয়ে প্রতিবেশী সিরাজের ঘরের দরজা খুলতে বাধ্য করে।

সেই ঘরেও পরিবারের সদস্যদের জিম্মি করে আরও প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে ডাকাতরা। পরে তারা দোতলায় সংরক্ষিত সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও সঙ্গে করে নিয়ে যায়।

প্রবাসী নুরুল ইসলাম রুবেল জানান, ডাকাতরা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে ধস্তাধস্তি করলে তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়। ডাকাতদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা ফাহিম জানান, ডাকাত দল চলে যাওয়ার পর প্রতিবেশী নুরুল ইসলাম তাদের বাড়িতে গিয়ে ডাকাতির খবর দেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা আরও জানান, ডাকাত দল এলাকায় প্রবেশের সময় কাজ থেকে ফেরা স্থানীয় পিকআপচালক তারেককেও জিম্মি করেছিল। ডাকাতির খবর যেন বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্যই তাকে জিম্মি করা হয় বলে তারা ধারণা করছেন।

ডাকাতির বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটির তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পটিয়ায় একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এর আগে গত ২৬ আগস্ট গভীর রাতে কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে ডাকাতরা আলমারি ভেঙে প্রায় সাড়ে সাত থেকে সাড়ে আট লাখ টাকা এবং পাঁচ থেকে ছয় ভরি স্বর্ণালংকার লুট করে।

গত ২৫ জুলাই ভোরে জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুট করা হয়।

এছাড়া গত ২৩ এপ্রিল পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে চারটি গরু ও নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা লুটের ঘটনা ঘটে। লুট হওয়া ওই গরুগুলোর আনুমানিক মূল্য ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।