সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি পরিহারের আহ্বান সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম বোর্ডে তৃতীয় হওয়া নুসায়বাকে সংবর্ধনা
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০২৬ | ১০:০৪ অপরাহ্ন


শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনীতি না করার পাশাপাশি শিক্ষার্থীদের বিপথগামী হওয়া রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সোমবার দুপুরে সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অর্জন করায় সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী নুসায়বাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে নুসায়বাকে ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, সহকারী শিক্ষক এবং নুসায়বার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও সিডিএ সদস্য (ইঞ্জিনিয়ারিং) ইঞ্জিনিয়ার জামিল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তাঁর বক্তব্যে জানান, নুসায়বা শুধু তার মা-বাবার নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকেও গৌরবান্বিত করেছে। সিডিএর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মেধাবী শিক্ষার্থীর নজির তৈরি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদানের পরামর্শ দিয়ে তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়।

শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান জানান, সন্তান কার সঙ্গে মেলামেশা করছে এবং কোথায় যাচ্ছে, সে বিষয়ে মা-বাবাকে অবশ্যই খোঁজখবর রাখতে হবে।

তিনি আরও জানান, বর্তমানে অনেক তরুণ-তরুণী বিপথে জড়িয়ে পড়ছে, যার ফলে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তিনি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

নিজের পরিবারের প্রসঙ্গ টেনে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানান, তাঁর মেয়ে ও মেয়ের জামাতা দুজনই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পড়াশোনা শেষ করেছেন।

তাঁর মেয়ের জামাতা বাদশা ফয়সাল আব্দুল আজিজ বর্তমানে সৌদি আরবে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন।

কয়েকদিন আগে তাঁর জামাতা বাদশা ফয়সাল আব্দুল আজিজ সৌদি আরবের বাদশার দরবারে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জানিয়ে তিনি গর্ববোধ করেন।

একই অনুষ্ঠানে নগরবাসীর প্রতি নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। পাশাপাশি আইন মেনে কর্তৃপক্ষের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণেরও অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে নুসায়বার সাফল্যের জন্য তার পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি অভিনন্দন জানানো হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে নুসায়বা দিনটিকে জীবনের সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করে সিডিএ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।