
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদরাসা পরিচালনার জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদরাসার অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ডা. আবদুল আজিজ। প্রধান অতিথি ছিলেন যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান তানজিম মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. আমিরুল ইসলাম রকি, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল বারেক সর্দার, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা. মহিউদ্দিন, সমাজসেবক আরিফুল হাসান পাটোয়ারী, স্থানীয় ব্যবসায়ী বুলু সওদাগর এবং মানিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা।
আলোচনায় বক্তারা বলেন, সদ্য প্রকাশিত ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা উপজেলায় ভালো ফলাফল করেছে। এ ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টার প্রশংসা করেন তাঁরা।
বক্তারা মাদরাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান অতিথিরা।
পরে মাদরাসা পরিচালনার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তানজিম মাহমুদকে সভাপতি, আবদুল বারেক সর্দারকে সিনিয়র সহসভাপতি, আরিফুল হাসান পাটোয়ারী ও মো. শাহজাহানকে সহসভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. মীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।