সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুলিশের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০২৬ | ১০:২৮ অপরাহ্ন


মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

সোমবার (৩১ আগস্ট) বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সাধারণ সভা ও শোভাযাত্রায় তিনি এই আহ্বান জানান।

ওসি মো. আরিফুর রহমান জানান, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়।

তাই মাদকসহ বহুমুখী অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে অবহিত করার জন্য স্থানীয় জনসাধারণের প্রতি তিনি আহ্বান জানান।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনার আলোকে চকরিয়া থানা পুলিশ টানা দশ দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই অংশ হিসেবে নবম দিনে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়।

এই প্রচারণায় মাদক ছাড়াও চুরি, ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এলাকাভিত্তিক সচেতনতামূলক সভা এবং উঠান বৈঠক করা হচ্ছে।

‘সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করার অনুরোধ জানান ওসি মো. আরিফুর রহমান।