সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পাঁচ ধাপে পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০২৬ | ১০:৪৮ অপরাহ্ন


অবসরভোগীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) পদ্ধতির বিকল্প হিসেবে পাঁচ ধাপে পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত সংবলিত নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়।

পরে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পেনশন বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে নাসিমুল গনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন ১০০ শতাংশ বাড়বে।

এছাড়া ৯ হাজার এক টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং ২০ হাজার এক টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ পেনশন বাড়বে।

অন্যদিকে ৩০ হাজার এক টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার এক টাকার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর ফলে যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন বৃদ্ধির পরিমাণ বেশি হবে বলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার সামরিক ও অসামরিক সব ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে এই পদ্ধতি বাস্তবায়নে বিপুল আর্থিক সংশ্লেষ থাকায় এবং অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসর গ্রহণকারীদের তথ্য না থাকায় সরকার ২০৩০ সালের মধ্যে এটি পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

তাই আপাতত বিকল্প ব্যবস্থা হিসেবে স্তরভিত্তিক নিট পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।