
চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।
এর আগে সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জামাল হোসেন এবং মো. কবির।
মো. জামাল হোসেন মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে।
অন্যদিকে মো. কবির একই এলাকার বরিশাল কলোনির মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় এই অভিযান চালানো হয়।
অভিযানে দেশীয় পাইপগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।