সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুসংগঠিত হওয়ার আহ্বান

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬ | ৭:২৫ অপরাহ্ন


জনগণের সুখে-দুঃখে পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এদেশের প্রকৃত জনবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

দলের কোনো স্তরের নেতাকর্মীর অহংকার, ক্ষমতার অপব্যবহার বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের এই নির্দেশনার কথা তুলে ধরেন।

চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা জানান, আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য এখনই প্রস্তুতি নিতে হবে এবং তৃণমূল থেকে যোগ্য ও ত্যাগী নেতাদের সামনে এনে দলকে আরও সুসংগঠিত করতে হবে।

এছাড়া দলীয় নির্দেশ মেনে দেশব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ অভিযান সফল করার ওপরও তাঁরা জোর দেন।

চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম।

সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করায় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম গিয়াসউদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ এস এম মন্জুর, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন এবং চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল কাঁকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।