সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সীতাকুণ্ডকে উন্নয়নের রোল মডেল করার ঘোষণা আসলাম চৌধুরীর

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ন


দলের মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি না করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌর সদরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আসলাম চৌধুরী জানান, স্বাধীন সত্তা ও গৌরবময় অভিযাত্রার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।

তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আপসহীন নেত্রীর উপাধি পেয়েছেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয়েছে এবং মানবিক ও পরিবর্তিত রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে আসলাম চৌধুরী মন্তব্য করেন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সালামত উল্ল্যাহ এবং যুগ্ম সদস্যসচিব ফজলুল করিম চৌধুরী।

এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব ছালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, দিদারুল ইসলাম মাহমুদ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চেয়ারম্যান এবং মোজাহের উদ্দিন আশরাফসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি সীতাকুণ্ড পৌর সদর প্রদক্ষিণ করার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।