সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় চাচাতো ভাইয়ের বিয়ের বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৬ | ৫:২৬ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাচাতো ভাইয়ের বিয়েসংক্রান্ত একটি বিরোধের জেরে আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান ওই এলাকার নূর আহমেদের ছেলে। অন্যদিকে অভিযুক্ত মোজাম্মেল (৪৫) একই এলাকার মো. ছুফির ছেলে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে একটি বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্ত মোজাম্মেলের সঙ্গে আব্দুল মান্নানের চাচাতো ভাইয়ের বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল।

এ সময় আব্দুল মান্নান প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

স্বজনদের অভিযোগ, ওই বিরোধের জেরে রাত ৮টার দিকে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুল মান্নানের ওপর পেছন থেকে হামলা চালান মোজাম্মেল।

ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আব্দুল মান্নান হামলাকারী হিসেবে মোজাম্মেলের নাম উল্লেখ করেন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল জানান, পারিবারিক সূত্রে জানা গেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর পরিবার থানায় এলে মামলা গ্রহণ করা হবে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রাসেল।