সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় জোর দেওয়ার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২৬ | ৩:২৯ অপরাহ্ন


শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।

উপজেলা সদরে অবস্থিত ‘দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা’ অডিটোরিয়ামে সকাল ১০টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ওয়াজ মাহফিল ও অভিভাবক সমাবেশের পাশাপাশি দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

একই সঙ্গে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং মাদরাসার সভাপতি মো. এনামুল হক এনাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মো. সাজেদুল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কাশেম ভূঁইয়া এবং গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মমতাজ উদ্দিন।

এছাড়া শিক্ষার্থী অভিভাবক মো. খোকন মোল্লাও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির এবং মাওলানা মাসুম বিল্লাহ।

বক্তারা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ।

তাঁর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী চেতনায় নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।