সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, একজনের কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৩৭ অপরাহ্ন


‘মাদকসেবীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই’ উল্লেখ করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় কয়েকজনকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে রয়েছেন মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে ইমরান হোসেন (মুন্না) এবং ৩ নম্বর ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান (সেতু)।

এছাড়া মৃত ফরহাদ হোসেনের ছেলে শাহিন আলম ওরফে নুর আলম এবং মৃত আবুল কাশেমের ছেলে সাহিন ইসলাম ভূঁইয়াকেও সেখান থেকে আটক করা হয়।

অপর এক অভিযানে টিএন্ডটি টিলা এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন ও সৌরভ হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি মো. হাফেজ আহাম্মদের ছেলে ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এদিকে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক জাহাঙ্গীর আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এই দণ্ড প্রদান করেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের মাদক সেবনরত অবস্থায় ধরা হয়েছে।

মাদকসেবীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে তিনি উল্লেখ করেন, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।