
চট্টগ্রামের রাউজানে কেরানীহাট বাজারে ১০ থেকে ১২ জন মোটরসাইকেল আরোহী প্রকাশ্যে গুলি করে মো. করিম (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে।
নিহত মো. করিমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮ থেকে ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি উরকিচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. শফির ছেলে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাউজানের উরকিচর এলাকার কেরানীহাট বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মো. করিম বাজারে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন লোক মোটরসাইকেলে করে বাজারে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
গুলি করার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. করিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তাঁর কোনো রাজনৈতিক পদপদবি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছেন।
কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর জড়িত আসামিদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।