সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হয়নি: চবি উপাচার্য

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪৫ অপরাহ্ন


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সর্বদাই শ্রদ্ধার পাত্র হলেও জাতির সামনে তাঁদের প্রকৃত ভূমিকার গুরুত্ব এখনও যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী শাখার কাউন্সিল-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাটহাজারী পৌরসভার মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এই কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী শাখা কাউন্সিল-২০২৬ এর আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুল আলম।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি।

সহকারী শিক্ষক শেলী দে, করবী পাল ও সৈয়দ আবদুল মাবুদের যৌথ সঞ্চালনায় এই অধিবেশনে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী শাখার সভাপতি মুহাম্মদ রমজান আলী চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মো. নুরুল আবছার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেখল পুণ্ডরীকধাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দত্ত।

কাউন্সিল শেষে চবি উপাচার্য আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী শাখার একটি নতুন কমিটি ঘোষণা করেন।

ঘোষিত নয় সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিতে প্রধান শিক্ষক বিজয় কুমার দত্তকে সভাপতি এবং সহকারী শিক্ষক সৈয়দ আবু মো. এমরানকে সাধারণ সম্পাদক করা হয়।

সবশেষে আমন্ত্রিত অতিথিরা সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন।