সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ট্রাকের চাপায় ঠিকাদার নিহত, চালক আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০২৬ | ৭:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক ও বেপরোয়া গতির কারণে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখের সিপি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি এক্সক্যাভেটর বা স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন এবং তাঁর অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় পেছন থেকে একটি কনটেইনারবাহী ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-২২৩৬) চাপা দিলে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র অনুযায়ী, ট্রাকটি চালাচ্ছিলেন বান্দরবানের ২৯৩ ছাগল খাইয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের শাহরাজ হোসেনের ছেলে শাহীন আলম (৩২)।

আহত মোহাম্মদ হোসেনকে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর নবী রাহাত জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন থাকায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালে নেওয়ার পর রোববার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশা চালক সাইফুল ইসলাম জানান, সিপি মোড়ে যাত্রী নামানোর পর ভাড়া নিয়ে গাড়ি চালু করার সময় পেছন থেকে ট্রাকটি এসে তাঁদের চাপা দেয়।

জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

তিনি আরও জানান, ট্রাক ও এর চালক পুলিশের হেফাজতে রয়েছে এবং বিষয়টি জোরারগঞ্জ থানাকে জানানো হয়েছে।

সড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে না পাওয়া এবং এক লেনের সড়কে অতিরিক্ত গতির কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনা এড়াতে তিনি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা, স্পিড ব্রেকার এবং দিকনির্দেশক আয়না বা কনভেক্স মিরর স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

স্থানীয় সূত্র থেকে চালকের বিস্তারিত পরিচয় পাওয়া গেলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করতে পারেনি।