সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন, পুড়ল ৪ বসতঘর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৪ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘরের ফ্রিজের কম্প্রেসার থেকে সৃষ্ট আগুনে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এতে চার পরিবারের আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের আবদুস সালামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই বাড়ির বাসিন্দা জয়নাল উদ্দিনের ঘরে থাকা একটি ফ্রিজের কম্প্রেসার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও তিনটি বসতঘরে তা দ্রুত ছড়িয়ে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘরে থাকা মালামাল বের করার আগেই সব পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের সদস্যরা হলেন মজিবুল হক (৭০), নাসির উদ্দিন (৪৫), আলা উদ্দিন (৪০) এবং জয়নাল উদ্দিন (৩৫)।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে স্বর্ণালংকার, পাঁচটি আলমারি, চারটি শোকেস, আটটি খাট, চার সেট সোফা এবং চারটি ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, আমবাড়িয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।