সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আনোয়ারায় মাদকসেবীকে কারাদণ্ড, পরিবেশ দূষণে জরিমানা

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪১ পূর্বাহ্ন


চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা সেবনের দায়ে মো. সেলিম (৫২) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন পরিবেশ দূষণের দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় দ্বিতীয় দফার এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

এ সময় মো. সেলিমকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় প্রথম দফার অভিযান পরিচালিত হয়।

এ সময় দেখা যায়, বনফুল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠান কারখানার বিষাক্ত গ্যাস, প্রক্রিয়াজাত বর্জ্য ও গরুর গোবর সরাসরি পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলছে। এতে খালের পানি দূষিত হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত অবৈধ পাইপলাইনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত।

দিনব্যাপী পরিচালিত এই অভিযানে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীম আহমদ সরকার এবং আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।