সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে গৃহবধূ নেহা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ সেপ্টেম্বর ২০২৬ | ১:০৭ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূ সামিয়া হাকিম নেহার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী মারুফ পারভেজসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।

বক্তারা জানান, সামিয়া হাকিম নেহার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে।

তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাঁকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

নেহার মৃত্যুর ঘটনায় কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, স্বামী মারুফ পারভেজসহ যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তদন্তে তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ফটিকছড়ি স্কয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক মহিন উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আলী ও মোহাম্মদ রফিক চৌধুরী।

এছাড়া মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ চৌধুরী, আহমদুল হক, বিএনপি নেতা নজরুল ইসলাম, ব্যবসায়ী কাশেম সওদাগর, ছাত্রনেতা রকিব এবং নিহতের ভাই মুহাম্মদ পারভেজ উদ্দিন ও উমর ফারুক লাভলু।