
মজুদ ও বিক্রির সঠিক তথ্য সংরক্ষণে স্টক রেজিস্টার না থাকা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনটি চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতুর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা যায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় অভিযুক্ত তিনজনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হলেও কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু জানান, তিনটি চালকলে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।
চালকলগুলোতে মজুদ ও বিক্রির সঠিক তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্টক রেজিস্টার রাখা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া কয়েকটি চালকলের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি এবং কিছু প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।
এসব অনিয়মের কারণেই সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।