সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

টিউবওয়েলের পানিতে বালু মেশানোর প্রতিবাদ, প্রাণ গেল সত্তরোর্ধ্ব বৃদ্ধের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ সেপ্টেম্বর ২০২৬ | ৭:৩৩ অপরাহ্ন


টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়ায় মো. ইউসুফ আলী (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও পাকা সড়কে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলিম্যারঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

গুরুতর আহত ইউসুফ আলীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে একটি টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

নিহতের অন্তঃসত্ত্বা পুত্রবধূ কলি আক্তার জানান, তিনি টিউবওয়েলে পানি আনতে গেলে প্রতিবেশী নুরুল কাদেরের মেয়ে ফাহিম বাধা দেন এবং কলসির পানিতে বালু মিশিয়ে দেন। এর প্রতিবাদ করলে ফাহিম তাঁর চুল টেনে মারধর করেন।

এ সময় ইউসুফের মেয়ে দিলুয়ারা বেগম ঝগড়া থামাতে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে ইউসুফ আলী, তাঁর স্ত্রী ছেনুআরা বেগম ও ছেলে বেলাল উদ্দিন সেখানে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

ছেনুআরা বেগম অভিযোগ করেন, নুরুল কাদের, তাঁর ছেলে আকাশ, মেয়ে ফাহিম এবং তাঁদের পক্ষের মিনহাজ, সালমা ও বালি তাঁদের ধানি জমির কাদায় চেপে ধরে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন।

এরপর আহত ইউসুফ আলী চিকিৎসার জন্য পেকুয়ার দিকে রওনা হন। পথে খুইন্যাভিটা মাঠ এলাকায় আগে থেকে অবস্থান করা নুরুল কাদের ও তাঁর ছেলে আকাশ দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলা চালান।

অভিযোগ উঠেছে, একপর্যায়ে ইউসুফ আলীকে মাথার ওপর তুলে পাকা সড়কে সজোরে আছাড় দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ইউনুস এবং প্রত্যক্ষদর্শী রুজিনা আক্তারও এই নির্মম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা ঘরে তালা দিয়ে পালিয়েছে।

টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জেডএম মোসলেম উদ্দিন এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।