
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ও বিশাল বাজারের কারণে জাপানের বড় বড় ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগে নজর রাখছেন বলে জানিয়েছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) বাংলাদেশস্থ চিফ রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
কাজুইকি কাতাওকা জানান, শুধু ঢাকায় প্রায় তিন কোটি মানুষের বাস, যাঁদের মাথাপিছু আয় প্রায় ৫ হাজার মার্কিন ডলার। এটি পৃথিবীর অনেক উন্নত ছোট দেশের অর্থনীতির চেয়েও বড়।
তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের আকার দিন দিন বাড়ছে। এই বাজারকে লক্ষ্য করে জাপানের সাড়ে তিন শতাধিক ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি অন্যান্য দেশেও রপ্তানি করছেন।
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়িত হলে বাংলাদেশ বিনিয়োগ ও আমদানি-রপ্তানিতে বিশেষ সুবিধা পাবে বলে তিনি উল্লেখ করেন।
জেটরো প্রধান আরও জানান, জাপানি কোম্পানিগুলো নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশেষায়িত ইকোনমিক জোনের পাশাপাশি চট্টগ্রামেও বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ।
তিনি চট্টগ্রামের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে সেমিকন্ডাক্টরসহ সম্ভাবনাময় খাতে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আহ্বান করেন। একই সঙ্গে স্টার্টআপ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে জাপানের সহায়তা কামনা করেন তিনি।
সভার সঞ্চালক ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম আগামীতে দেশের বিনিয়োগ ও লজিস্টিক হাবে পরিণত হবে।
তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং এলএনজি খাতেও জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন চেম্বারের সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার, বিজিএমইএর সহসভাপতি মো. রফিক চৌধুরী এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী।
এছাড়া লুব-রেফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সেক্রেটারি জেনারেল মারিয়া হাওলাদারও সভায় বক্তব্য দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক আবু হায়দার চৌধুরী (আমজাদ), মো. আফসার হাসান চৌধুরী (জসিম), মোহাম্মদ নুরুল ইসলাম, শহীদুল আলম ও মো. সেলিম নুর।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. সালেহ জহুর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য বক্তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোসহ নবায়নযোগ্য জ্বালানি, সোলার ব্যাটারি, লাইট ইঞ্জিনিয়ারিং ও এসএমই খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান।