
বিয়ের মাত্র চার মাসের মাথায় স্বামী প্রবাসে যাওয়ার পাঁচ দিনের ব্যবধানে চট্টগ্রামের হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া আক্তার হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকার কান্তর আলী ফকির বাড়ির মো. শফির মেয়ে।
তিনি একই উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল কাদের উকিল বাড়ির ফয়জুল ইসলামের ছেলে প্রবাসী মো. ওহিদুল আলম প্রকাশ আসিফের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাত্র চার মাস আগে সাদিয়া ও আসিফের বিয়ে হয়। চলতি মাসের শুরুতে তাঁরা হাটহাজারী পৌরসভা এলাকার হাবিবা ভিলার নিচতলায় ওই ভাড়া বাসায় ওঠেন।
গত ২ সেপ্টেম্বর স্বামী আসিফ প্রবাসে চলে যান। সোমবার সকাল থেকে স্ত্রী সাদিয়াকে ফোনে না পেয়ে তিনি বিষয়টি ভবনের মালিককে জানান।
পরে ভবনের মালিক ও পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিব ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।