
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিচালিত অটোরিকশাসহ মো. সোহাগ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় আল মক্কা ফার্নিচার মাঠের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. সোহাগ ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে।
তিনি বর্তমানে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার কবির সওদাগরের বাড়িতে বসবাস করতেন।
পটিয়া থানার রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে থাকা উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শান্তিরহাট বাজার এলাকায় কয়েকজন ডাকাত সিএনজি নিয়ে অবস্থান করছে।
তারা আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে স্থানীয়দের সহায়তায় মহাসড়ক থেকে সোহাগকে সিএনজিসহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটক সোহাগের সঙ্গে থাকা সিএনজিতে তল্লাশি চালিয়ে ৯১ দশমিক ৫ সেন্টিমিটার ও ৯১ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠের বাটযুক্ত দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠের বাটযুক্ত ছুরি এবং ১০৪ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লোহার সাবল উদ্ধার করা হয়।
পুলিশের অভিযানের সময় এই ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন আরেকটি সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এই ঘটনায় মঙ্গলবার পটিয়া থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা (নম্বর-১৫) দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সোহাগকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি উল্লেখ করেন।