
শুধু পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করলেই হবে না, দীর্ঘমেয়াদি সুফল পেতে এর সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ নগুরামপাড়ায় আয়োজিত এক প্রশিক্ষণমূলক সভায় এই মত দেওয়া হয়।
নগুরামপাড়া পাড়াকেন্দ্রে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং এর সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে এই সভার আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি।
এতে সার্বিক সহযোগিতা প্রদান করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল এবং কারিগরি সহযোগিতায় ছিল ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ।
জাবারাং কল্যাণ সমিতির মানিকছড়ি উপজেলা কো-অর্ডিনেটর উসুইহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের স্পেশালিস্ট অনিরুদ্ধ কুমার সরকার।
অনিরুদ্ধ কুমার সরকার পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। তিনি পানি সংরক্ষণ, অপচয় রোধ এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন উপকরণ যত্নসহকারে ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি জানান, পানি সরবরাহ ব্যবস্থার যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিন এর সুফল পাওয়া সম্ভব।
স্থানীয় জনগণকে পানি সরবরাহ ব্যবস্থার রক্ষণাবেক্ষণে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান এই কর্মকর্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পাড়া কার্বারি ধনী কুমার ত্রিপুরা বলেন, স্থানীয় পর্যায়ে পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পানিকে একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করে এর অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণমূলক এই সভায় স্থানীয় পাড়াবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।