সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত করতে ব্যবসায়ীদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৬ | ৭:৫৮ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়িতে আওয়ামী লীগ নেতার দখল করা রাজ বাজার শেড উদ্ধার করে খুচরা ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

একই সঙ্গে অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বরে কয়েকশ ব্যবসায়ীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।

মানববন্ধনে অভিযোগ করা হয়, বিগত সরকারের আমলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিকছড়ি বাজার শেড অবৈধভাবে দখল করেন। সেখানে তিনি একটি বহুতল ভবন নির্মাণ করেছেন।

এই বাজার শেডটি দ্রুত উদ্ধার ও পুনঃস্থাপন করে সাধারণ খুচরা ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক মীর হোসেন।

এছাড়া বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু, ব্যবসায়ী মাসুদ উজ জামান ও শহিদুল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।