
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চকরিয়া সরকারি কলেজের গেটসংলগ্ন যাত্রী ছাউনির পেছন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ অস্ত্র বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছে।
চকরিয়া সরকারি কলেজের প্রধান গেটের পাশের যাত্রী ছাউনির পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্রটি রাখা হয়েছিল বলে নিশ্চিত হয় বাহিনীটি।
এই তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
যাত্রী ছাউনির পেছনের জঙ্গলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি ওই একনলা বন্দুকটি উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।
তবে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হলেও প্রাথমিকভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এবং এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া অস্ত্রটি চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৫।