সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সাতকানিয়ায় ফুটবল বিতরণ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৬ | ৮:০২ অপরাহ্ন


তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ফুটবল খেলাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় বাজালিয়া ফুটবল একাডেমিকে নিয়মিত অনুশীলনের জন্য ফুটবল প্রদান করেছে সাতকানিয়া ক্রীড়া পরিষদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া ক্রীড়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ফুটবল বিতরণ করা হয়।

সাতকানিয়া ক্রীড়া পরিষদের সেক্রেটারি ও সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর বাজালিয়া ফুটবল একাডেমির প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন।

এ সময় তিনি জানান, তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাতকানিয়ার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এবং তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে ক্রীড়া পরিষদ ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

এলাকার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও একাডেমির পাশে থেকে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এই কর্মকর্তা।

অনুষ্ঠানে সাতকানিয়া সাংবাদিক সমিতির সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, সাংবাদিক জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ফারুক, জমির উদ্দিন, রাশেদুল কবির ও তারেকুল ইসলাম জিসান উপস্থিত ছিলেন।

বাজালিয়া ফুটবল একাডেমির পক্ষে একাডেমির প্রশিক্ষক সিফাত ও খেলোয়াড় শফিউল এই ফুটবল গ্রহণ করেন।

ফুটবল পেয়ে বাজালিয়া ফুটবল একাডেমির খেলোয়াড় ও সংশ্লিষ্টরা সাতকানিয়া ক্রীড়া পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ক্রীড়া উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।