সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে আতঙ্কে চিকিৎসকেরা, প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৭ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের কঠোর অবস্থানের ঘোষণার মাঝেই প্রকাশ্যে এক চিকিৎসককে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

একই সময়ে ‘আতঙ্কে’ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মঞ্চে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেও মাঠের এমন চিত্র সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফটিকছড়ির চিকিৎসক জয়নাল আবেদীন মুহুরীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকির একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

হুমকির শিকার ডা. জয়নাল আবেদীন মুহুরী জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। একজন সাধারণ চিকিৎসক হিসেবে পরিচয় থাকার পরও তাঁকে কয়েক দফায় হুমকি দেওয়া হয়েছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বহিরাগতদের এমন হুমকি ও মব আতঙ্কের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গৃহবধূ নেহার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী মো. মারুফ পারভেজসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

পরদিন ৮ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় মামলার আসামি মো. মারুফ পারভেজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক প্রচারণার প্রতিবাদেও মানববন্ধন হয়।

এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে শঙ্কা তৈরি হলেও পুলিশ বলছে ভিন্ন কথা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, চিকিৎসককে হুমকির বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস ভিন্ন মত প্রকাশ করেছেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি সত্য হলে লিখিত অভিযোগ না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর এটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা উচিত।