
দোহাজারী গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়ায় কোনো পূর্বঘোষণা ছাড়াই ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মানুষ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অচলাবস্থা তৈরি হয়।
লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খান জানান, দোহাজারী গ্রিডে সমস্যা হওয়ার কারণে লোহাগাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে প্রায় এক ঘণ্টা সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তবে স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বন্ধের আগে কোনো ধরনের ঘোষণা বা বার্তা দেওয়া হয়নি। ফলে সকালে ঘুম থেকে উঠেই মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়েন।
লোহাগাড়া বটতলী এলাকার ব্যবসায়ী মিরদাদ হোসেন জানান, দোকান খুললেও বিদ্যুৎ না থাকায় স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আগে থেকে জানালে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যেত।
গৃহিণী শারমিন সোলতানা চৌধুরী ইতি জানান, সকালের গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় রান্নাবান্নাসহ ঘরের বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটছে।
একটি ফার্মেসির মালিক রাকেশ শর্মা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকলে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়। বিদ্যুৎ বন্ধের কারণ ও সরবরাহ স্বাভাবিক হওয়ার সময়টি অন্তত জানানো উচিত বলে তিনি মনে করেন।
বিদ্যুৎনির্ভর পানির পাম্প, ফ্রিজ, ফ্যানসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। পাশাপাশি ইন্টারনেটনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।