সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, পরিবারকে বেঁধে লুটপাট

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৫১ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় কয়েক দিনের ব্যবধানে এবার মো. জাহেদুল ইসলাম নামে আরেক সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. জাহেদুল ইসলাম ‘সময়ের আলো’ ও ‘সময়ের কণ্ঠস্বর’ পত্রিকায় কর্মরত রয়েছেন।

জানা গেছে, বুধবার গভীর রাতে ৮ থেকে ১০ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল ওই সাংবাদিকের বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং মারধর করে।

ভুক্তভোগীরা জানান, ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ডাকাতির পুরো কাজ শেষ করে তারা পালিয়ে যায়। আশপাশের কেউ বিষয়টি টের পাননি।

ঘটনার পর থেকে ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাংবাদিক মো. জাহেদুল ইসলাম জানান, গভীর রাতে গ্রিল কেটে ঘরে ঢুকে তাদের পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতরা। বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর কয়েকদিন আগে সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।

ওই ঘটনায় চোরেরা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে গেলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফেলে রেখে যায়।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে সাংবাদিকদের বাড়িতে এমন চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত করে এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সাংবাদিক মো. জাহেদুল ইসলামের বাড়িতে ডাকাতির খবর তিনি পেয়েছেন। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।