সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পিকআপে মার্কিন পিস্তল ও ইয়াবা, লোহাগাড়ায় গ্রেপ্তার দুই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০২৬ | ৬:১৬ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে একটি ফোটন পিকআপের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অস্ত্র ও মাদক বহনের অভিযোগে কক্সবাজারের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই চেকপোস্ট বসানো হয়েছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুরুশকুল গ্রামের আবুল কালামের ছেলে তারেকুল ইসলাম (২৮) এবং একই গ্রামের আহমদ আলীর ছেলে রাশেদুল ইসলাম রুবেল (৩৬)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ওই ফোটন পিকআপটি থামিয়ে তল্লাশি করা হয়। শুরুতে কিছু না পাওয়া গেলেও গাড়িতে থাকা দুই যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চালকের আসনের নিচে লুকিয়ে রাখা ৭.৬৫ মিমি একটি মার্কিন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি এবং ২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে অস্ত্র ও মাদক বহনের কথা স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন।