সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাদক নির্মূলে রাউজানে সামাজিক প্রতিরোধের ডাক, কঠোর ব্যবস্থার বার্তা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০২৬ | ৬:১৯ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে মাদকসেবী ও বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তারা ভালো পথে ফিরে না এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খান জনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকার বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম ও রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে দেওয়ানপুরের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এই সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব খান জনি আরও জানান, মাদক সমাজের সবচেয়ে বড় ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠন করতে পরিবার ও সমাজ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাঈম ভূঁইয়া।

তিনি জানান, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে বাঁচাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।

মো. মনছুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সুমন কান্তি দে, বিএনপির ২ নম্বর ওয়ার্ড প্রতিনিধি শহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা মহাসুম আলম খান এবং শিক্ষক সাগর সেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. আবদুল করিম, রণজিৎ চৌধুরী, যুবদল নেতা রাজ্জাক, মো. আলম, রাশেদ এবং আবু তাহের।

এ সময় উপস্থিত ছিলেন মুছা আলম, আবদুল ছালাম, মো. কামাল উদ্দীন, মো. বরকত, মো. আলম ডেনি, মো. রাসেল, রাশেদ, বাচা এবং জিয়াউল হকসহ স্থানীয় এলাকাবাসী।