সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০২৬ | ৬:২৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এবং ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় রাউজান উপজেলা সদরের একটি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের জেনারেল ম্যানেজার ও নির্বাহী পরিচালক জে. এম. ইকবাল হাসান। উদ্বোধন করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

সংগঠনের সভাপতি গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাবীবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামাল মিয়া, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ তৌহিদুল আলম, আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কিউসি গ্রুপের সহকারী ব্যবস্থাপক হারুনর রশিদ।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আরফাত হোসাইন, যুগ্ম সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন এবং দপ্তর সম্পাদক এ. কে. বাবর।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি জনকল্যাণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

সেমিনারে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য তুলে ধরা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবিকতা, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা এম. এ. মতিন।